
এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের চুড়লবিল এলাকায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় চুড়লবিল এলাকায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৫০০টি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট আরিফুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালামসহ ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপির সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।