গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধামইরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী কোরবান আলী দেলোয়ার। রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে কোরবান আলী দেলোয়ার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।