চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত দুজন পরস্পরের বন্ধু।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন ওরফে সান (১৯) এবং একই গ্রামের সোবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। তারা দুজনই কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে চার বন্ধু মিলে খেলাধুলা শেষে মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে সুজন ও সাব্বির সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ইউসুফ আলী বলেন, চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিলেন। তাদের মধ্যে সুজন ও সাব্বির পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানন্দা নদীতে পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।