এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার আয়োজনে শনিবার সকালে পৌর এলাকায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ ও স্থানীয়দের সচেতন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম ও কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা) সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।