এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
জনবান্ধব কর্মকাণ্ড, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান, মাদক নির্মূলে তৎপরতা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকতার কারণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান স্থানীয়দের প্রশংসায় ভাসছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন তিনি। পাশাপাশি মাদক, অবৈধ ব্যবসা, ভেজাল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের তৎপরতা জোরদার করেছেন।
স্থানীয়দের মতে, ইউএনও জিল্লুর রহমানের কর্মকাণ্ডে কঠোর প্রশাসনিক অবস্থান ও মানবিকতার সুন্দর সমন্বয় দেখা যাচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ছে।
গোমস্তাপুর উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ ইসলাম বলেন, ইউএনও জিল্লুর রহমানের জনবান্ধব কর্মকাণ্ড ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জনদুর্ভোগ কমানো এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সচেতন যুব সমাজের সভাপতি সাওয়ার জাহান সুমন বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সক্রিয় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনও জিল্লুর রহমান দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিষয়ে যে তৎপরতা দেখিয়েছেন, তা আশাব্যঞ্জক। প্রশাসনের এমন নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা অব্যাহত থাকলে দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
রহনপুর মাদক নির্মূল কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইউএনও জিল্লুর রহমান মাদকবিরোধী কার্যক্রমে যে কঠোর অবস্থান নিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোও আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।
ইউএনও জিল্লুর রহমান বলেন, “জনগণের সেবা করাই প্রশাসনের মূল দায়িত্ব। গোমস্তাপুরের মানুষের সমস্যা সমাধান, জনস্বার্থ রক্ষা এবং এলাকার উন্নয়নে নিয়মের মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। মাদক, দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
সচেতন মহলের মতে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সফলতার বড় মাপকাঠি হলো সাধারণ মানুষের কাছে তাঁর প্রশাসনের গ্রহণযোগ্যতা। সেই জায়গায় জনসম্পৃক্ততা, জবাবদিহিতা এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে ইউএনও জিল্লুর রহমান ইতোমধ্যে গোমস্তাপুরে একটি ইতিবাচক বার্তা তৈরি করেছেন।