
এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুমোদনবিহীন ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে রাব্বানী (২৭) নামে এক দোকানিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকায় রাব্বানীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানটি থেকে ১৬৭ বোতল অনুমোদনবিহীন যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়।অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।
অভিযানকালে এসব অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানানো হয়। পরে অনুমোদনবিহীন ভেজাল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দোকানি রাব্বানীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানে সহযোগিতা করে গোমস্তাপুর থানা পুলিশ, বিজিবির রহনপুর বিওপি ও আনসার সদস্যরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অনুমোদনবিহীন ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।