হায়দার আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন আসামি পলাতক রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১২০ লিটার চোলাইমদ ও ২ হাজার ৮৫০ লিটার ওয়াশ উদ্ধার করেন।
অভিযানে মো. রুবেল আলী (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের সোবাহাননগর কলোনী ডাইংপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকার মো. আজিম আলী সোহাগ (৩৩) নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ উৎপাদন-বিক্রয় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।