
এমরান আলী বাবু,
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আইইউজিআইপি প্রকল্পের আওতায় পিড়াষন থেকে বহিপাড়াগামী আরসিসি সড়ক নির্মাণ এবং এডিপির আওতায় গুম্মুজপাড়া, ঢুলিপাড়া ও মেডিকেল গেটের সামনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
উদ্বোধনকালে ইউএনও জিল্লুর রহমান চলমান উন্নয়নকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
জানা গেছে, আইইউজিআইপি প্রকল্পের আওতায় পিড়াষন থেকে বহিপাড়াগামী আরসিসি সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি এডিপির আওতায় গুম্মুজপাড়া, ঢুলিপাড়া ও মেডিকেল গেটের সামনে ড্রেন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, সড়ক নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং দীর্ঘদিনের চলাচল দুর্ভোগ কমবে। একই সঙ্গে ড্রেন নির্মাণের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, আইইউজিআইপি সহকারী প্রকৌশলী শাহরিয়ার, উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের আহমেদ ও পৌর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম
সহ রহনপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উন্নয়নকাজগুলো বাস্তবায়িত হলে রহনপুর পৌর এলাকার সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।