
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মাঠে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ আগষ্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার আব্দুর গফুর মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে আবু বক্করসহ ৫-৬ জন শ্রমিক মঙ্গোলিয়া বিলের একটি খেতে একসঙ্গে রোপা আমন ধানের চারা রোপন করছিলেন। এর কিছুক্ষণ পর বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন আবুবক্কর।
পরিবারের সদস্যরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় ধামইরহাট থানার এএসআই রায়হান জানান, কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।