ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে সৌদি আরব প্রবাসী ইয়ামিন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার নববিবাহিতা স্ত্রী সুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন। মাত্র ১০ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সুখের সংসার মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। আহত সুমা আক্তার বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী ইয়ামিন মিয়া গত ৮ জুলাই দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি।
সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে ফেরার পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইয়ামিন মিয়া ও তার স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি প্রবাসী ইয়ামিন মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতের বাড়িতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।