হায়দার আলী নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাপ্পী লাল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। জেলার মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে সন্দেহভাজন বাপ্পী লালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক বাপ্পী লাল (২৪) আতাহার গ্রামের মৃত শালিক লালের ছেলে। উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদক বহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।